ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে এবং আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত মামলার আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তবে এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করলেও সেখানে তার কোনো আনুষ্ঠানিক আইনি মর্যাদা নেই। বৈধ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি বা পরিচয়পত্রও তার নেই বলে উল্লেখ করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা ইস্যু দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে না। কারণ, রাষ্ট্রীয় সম্পর্ক বিভিন্ন মাত্রায় পরিচালিত হয় এবং তা একটি নির্দিষ্ট ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে আদালতের রায় কার্যকর করতেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রত্যর্পণ প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি হবে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

