দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী গিরিধারী জীউর রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর সুসজ্জিত রথ নিয়ে নগরীর প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায় সাহেব বাড়ির দেবোত্তর কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা।
উদ্বোধনের পর হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন।
রথযাত্রা চলাকালে ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে ভক্তরা ধর্মীয় সংগীত ও হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। তাদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো নগরী উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।

