লালমোহাম্মদ :
শেরপুরের নকলা পৌর শহরে পাগলা কুকুরের আকস্মিক তাণ্ডবে গৃহপালিত পশুসহ অন্তত ২১ ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায় , সকালে হঠাৎ করেই কয়েকটি পাগলা কুকুর একত্রিত হয়ে নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে, এসময় যাকে সামনে পেয়েছে, তার ওপরই অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে । কুকুরগুলোর আক্রমণ থেকে রক্ষা পায়নি মাঠে থাকা গৃহপালিত গরু ও ছাগল।
খোঁজ নিয়ে জানা যায়, আহতদের মধ্যে ১০ জন পৌর শহরের গ্রীণরোড ও দড়িপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া উত্তর কায়দা গ্রামের আরও ১১ জন কুকুরের হামলার শিকার হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী টিকা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর পৌর শহরে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আত্মরক্ষার্থে লাঠিসোঁটা নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, ভবঘুরে ও উন্মত্ত কুকুরের উপদ্রব দীর্ঘদিনের হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দ্রুত পাগলা কুকুরগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে নতুন করে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে।

