লালমনিরহাট প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি দল লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর ইউনিয়েনের তালুক হরিদাস এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আলমগীর সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।
র্যাব জানায়, তালুক হরিদাস গ্রামের পলাতক আসামি মোঃ শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশী করে বাড়ির গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে এবং অভিযানকালে ঘটনাস্থল আলমগীর ইসলাম গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, আলমগীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আলমগীর এবং পলাতক মোঃ শাহিন আলম একসাথে মাদক ব্যবসা করে আসছিল। উভয়ে লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।
আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং জব্দকৃত মাদক আলামত হিসাবে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

