দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই চারজন বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর-দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন সীমান্ত পিলার সংলগ্ন তেলিপাড়া-সোনাপাড়া এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। বর্তমানে এই শূন্য রেখাতেই অবস্থান করছেন তারা।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা এক নারীসহ চারজনকে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে সীমান্তবর্তী গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং চারজনই শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারজন শূন্যরেখায় কাদাযুক্ত পানির মধ্যে বসে ছিলেন। দীর্ঘ সময় ধরে তাদের জন্য খাবার বা বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। নিরাপত্তাজনিত কারণে তাদের সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয়নি।
বিজিবি জানায়, শূন্যরেখায় অবস্থানরত চারজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ ও একজন কিশোর রয়েছে। পুরুষদের একজন শারীরিক প্রতিবন্ধী। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় হলো— খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার বাবুল মোল্লা, তার স্ত্রী সুখী মোল্লা, তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকামনে গ্রামের আব্দুল গণি মোল্লা।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে একই পরিবারের তিন সদস্য ও অপর একজন কাজের সন্ধানে ভারতে যান। পরে দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং সেখানে প্রায় দুই মাস কারাভোগ করেন। সম্প্রতি বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পরে সীমান্তে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। আলোচনা শেষে বিএসএফ সদস্যরা নিজ নিজ সীমান্তে ফিরে যায় এবং চারজনকে শূন্যরেখাতেই রেখে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, “ভোরে গ্রামবাসীরা প্রথমে বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ জানায়। পরে বিজিবিকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পুশইনের চেষ্টা প্রতিহত করে।
স্থানীয় তেলিপাড়া গ্রামের খায়রুল ইসলাম বলেন, “বিএসএফ সদস্যরা চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় বসে আছে। সকাল থেকে তারা সেখানে মানবেতর অবস্থায় রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে সীমান্ত এলাকায় যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে।
দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, “বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। কোনো অবস্থাতেই পুশইনের মাধ্যমে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

