ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। বাবার দাফনের পর দেওয়া প্রথম প্রকাশ্য বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ শুধু তাদের পরিবারের নয়, বরং সমগ্র ইরানি জাতির দাবি।
আল-জাজিরার বরাতে প্রকাশিত খবরে বলা হয়, ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর এটিই মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
বার্তায় তিনি বাবার জানাজায় লাখো মানুষের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই গণসমাগমকে তিনি ‘ঐতিহাসিক’ এবং ‘শত্রু-বিধ্বংসী’ উপস্থিতি হিসেবে উল্লেখ করেন।
মোজতবা খামেনি বলেন, তার বাবার রক্ত বৃথা যাবে না এবং এ হত্যাকাণ্ডের যথাযথ জবাব দেওয়া হবে। তিনি ইঙ্গিত দেন, তেহরান এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইরানের ভবিষ্যৎ নীতিগত অবস্থান ও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত বহন করছে।

