চীনের পূর্বাঞ্চলের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দেশটির ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে ৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি জনসংখ্যার শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এর আগে ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে আনে। পরে এটি তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। বর্তমানে ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ায় এর গতি ও শক্তি কিছুটা কমেছে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বিশাল বৃষ্টিবলয়ের কারণে এখনও ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়েনঝৌর বাসিন্দা ৫০ বছর বয়সী হুয়াং শিংহুয়ান বলেন, টাইফুন নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি জানান, পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানীয় আগেই সংগ্রহ করে রাখা হয়েছে। তবে বাজারে এখনো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় অতিরিক্ত মজুতের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
এদিকে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুনের কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে ‘বাভি’র প্রভাবে মৌসুমি বৃষ্টিপাত ও দুর্যোগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

