আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয় বাসিন্দা, যুবসমাজ, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশ নেন।
উমেদপুর- রাজেন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম ভূইয়ার সভাপতিত্বে ও মাওঃ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনু মিয়া, মো: সহিদ মিয়া, শিক্ষক কে এম ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন সোহাগ, ঐক্যবদ্ধ আখাউড়ার উদ্যোক্তা আমজাদ ভূইয়া, সাদ্দাম হোসেন, রোবায়েদ খান প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি মাদকের স্পট গড়ে উঠেছে। মাদকের ভয়াল থাবায় তরুন প্রজম্ম অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। মাদকের টাকা জোগড় করতে অনেকেই চুরি ছিনতায়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ছেন।
স্থানীয়রা বলছেন, মাদক বর্তমান সমাজের অন্যতম বড় সমস্যা। এর কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, বাড়ছে সামাজিক অপরাধ এবং পারিবারিক অস্থিরতা। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বক্তারা বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে বহু তরুণের জীবন বিপথে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
কোনো স্থানে মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

