আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস এলাকায় ঢাকা-দশমিনা মহাসড়কে যাত্রীবাহী দশমিনা এক্সপ্রেস বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী বাসটি বিলবিলাস এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মাসুদ (৩৮), সোলেমান (৬), ইরা রানী মজুমদার (৫২), ইব্রাহিম (১৮), দীপালী (৪০), সালমা বেগম (৩০) ও স্মৃতি রানী (২০)।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুনুর রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের শারীরিক অবস্থা বিবেচনায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

