পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বন্দিদের মামলার নিষ্পত্তি দ্রুত করতে আইন ও বিচার বিভাগ বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি জানান, ফৌজদারি মামলার তদন্তে গতি আনতে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ফরেনসিক পরীক্ষা এবং বিশেষজ্ঞ মতামত সংগ্রহসহ তদন্তের প্রতিটি ধাপ কগনিজেন্স ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন থাকা মামলাগুলো আলাদাভাবে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়।
তিনি জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে বিচারাধীন বন্দিদের মামলার নিষ্পত্তি আরও দ্রুত করা যায়।

