দেশের অভ্যন্তরে ও উজানে ভারতের বিভিন্ন প্রদেশে চলমান ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১২টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া ও নদীর পানির সমতল বৃদ্ধি বিবেচনা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে:

আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এই সময়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী চার দিন দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকতে পারে। এর ফলে নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

