ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
‘উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় উদয়াপিত হয় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।সোমবার সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা,আনসার ও ভিডিপি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার এবং সমবায় অফিসার শফিকুল ইসলাম আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান ও সহায়তার অংশ হিসেবে ঋণ বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে গাছের চারা বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

