নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও দ্রুত বিকাশমান বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক’-এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে মিরপুর মাজার রোড উপ-শাখায় এক আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকটির দীর্ঘ ২৫ বছরের গৌরবময় অর্জন, গ্রাহকসেবায় অবদান এবং ভবিষ্যৎ আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গত রবিবার (৫ জুলাই) বিকেলে মিরপুরের মাজার রোডের শেলটেক বীথিকা ভবনে অবস্থিত ব্র্যাক ব্যাংকের উপ-শাখা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিরপুর মাজার রোড উপ-শাখার ব্যবস্থাপক মাহালাকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত গ্রাহক, হিসাবধারী, স্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপ-শাখা ব্যবস্থাপক মাহালাকা নাসরিন ব্র্যাক ব্যাংকের বিগত ২৫ বছরের সাফল্যের ইতিহাস ও গ্রাহকসেবার চিত্র তুলে ধরেন। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং ব্যাংকের পক্ষ থেকে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত গ্রাহক ও ব্যবসায়ীরা ব্র্যাক ব্যাংকের সাথে তাদের পথচলার অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে, বিশেষ করে ব্যাংকিং সুবিধাবঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সহায়তা প্রদান এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ব্র্যাক ব্যাংকের অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা ভবিষ্যতেও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের ব্যাংকিং সুবিধাবঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সেবার আওতায় এনে স্বাবলম্বী করার লক্ষ্যে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটি টেকসই আর্থিক অন্তর্ভুক্তি, নতুন উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

