ভারত ও ইংল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচারের সময় কনডমের বিজ্ঞাপন প্রচার নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতের লোকসভার সদস্য ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের যৌক্তিকতা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ বলেন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি অসংখ্য পরিবার শিশুদের নিয়ে উপভোগ করছিল। এমন সময় প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত একটি পণ্যের বিজ্ঞাপন সম্প্রচার হওয়ায় অনেক দর্শক অস্বস্তিতে পড়তে পারেন।
পরে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভারতে ক্রিকেট পারিবারিক বিনোদনের অন্যতম বড় মাধ্যম। তার মতে, ম্যাচ চলাকালে বিপুলসংখ্যক শিশু ও কিশোর খেলা দেখছিল এবং ওভার বিরতিতে একই ধরনের বিজ্ঞাপন বারবার প্রচার হওয়ায় অনেক পরিবারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।
কীর্তি আজাদের ভাষ্য, অপ্রাপ্তবয়স্ক দর্শকদের উপস্থিতি বিবেচনায় সম্প্রচারিত বিজ্ঞাপনের ধরন নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপনে কঠোর বিধিনিষেধ রয়েছে, সেখানে এ ধরনের প্রাপ্তবয়স্ক পণ্যের বিজ্ঞাপন কীভাবে সম্প্রচার করা হচ্ছে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিসিসিআই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তিনি বিষয়টি ভারতের জাতীয় সংসদে উত্থাপন করবেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিসিআই কিংবা ম্যাচ সম্প্রচারকারী টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ৪ উইকেটে ভারতকে পরাজিত করে। ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জ্যাকব বেথেলের অপরাজিত ৭৬ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা ১৯ ওভারেই জয় নিশ্চিত করে এবং পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
সূত্র: এনডিটিভি

