তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শুধু দীর্ঘ সীমান্ত পাহারা দিলেই নিরাপত্তা নিশ্চিত হয় না; সাইবার নিরাপত্তা এখন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আধুনিক সময়ে যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা কেবল সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে সঠিক তথ্যের নিরাপদ ব্যবস্থাপনা এবং জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়াও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে তথ্য ব্যবস্থাপনায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধ করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এ ধরনের বিভ্রান্তি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে নির্ভরযোগ্য তথ্য প্রচারের বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এবং গুজব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

