সত্যজিৎ দাস:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে।বুধবার (১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বুধবার (০১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭৪ জন রোগী। এ সময় নতুন করে আরও ৬৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ৩৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। সব মিলিয়ে চলতি বছরে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা সন্দেহভাজন ২৭৪ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ১১২ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৫ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।
ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া ৩৮৬ জন হাম রোগীর মধ্যে সর্বোচ্চ ২১৯ জন সুনামগঞ্জ জেলার। এছাড়া সিলেট জেলায় ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

