কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে আধুনিক চিপ উৎপাদন, এআই অবকাঠামো এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন ভিত্তি তৈরি করা।
সোমবার রাজধানী সিউলে অনুষ্ঠিত জাতীয় বিনিয়োগ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের উপস্থিতিতে পরিকল্পনাটি তুলে ধরেন শিল্পমন্ত্রী কিম জং-কওয়ান। তিনি জানান, ‘থ্রি মেগা প্রজেক্টস’ কর্মসূচির আওতায় প্রায় ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোয়াংজু ও জিওল্লা এলাকাকে সিউল মহানগরীর বাইরে অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে বিনিয়োগ করবে। বিশেষ করে স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগের প্রধান ক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই প্রযুক্তি এবং বৃহৎ আকারের এআই ডেটা সেন্টার।
প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। তাই উন্নত চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সক্ষমতা বৃদ্ধি এখন দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, এআই যুগে দেশকে একটি শীর্ষস্থানীয় প্রযুক্তিনির্ভর শিল্পশক্তিতে পরিণত করাই সরকারের প্রধান লক্ষ্য।
পরিকল্পনার অংশ হিসেবে দেশের মধ্যাঞ্চলের চুংচিয়ং এলাকায় অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং শিল্প গড়ে তুলতে অতিরিক্ত ৫২ দশমিক ৫ বিলিয়ন ওন বিনিয়োগ করা হবে। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের ডেগু ও উত্তর গিয়ংসাং অঞ্চলে চিপ উৎপাদনের কাঁচামাল, যন্ত্রাংশ এবং উৎপাদন সরঞ্জাম নিয়ে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে ৮ দশমিক ৪ গিগাওয়াট সক্ষমতার এআই ডেটা সেন্টার নির্মাণে প্রায় ৩৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। পরে ২০৩৫ সালের মধ্যে সেই সক্ষমতা বাড়িয়ে ১৮ দশমিক ৪ গিগাওয়াটে উন্নীত করা হবে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের মোট বিনিয়োগের পরিমাণ এক কোয়াড্রিলিয়ন ওনেরও বেশি ছাড়িয়ে যাবে।
অন্যদিকে, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোও বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এসকে গ্রুপ প্রায় ১ দশমিক ১ কোয়াড্রিলিয়ন ওন এবং স্যামসাং গ্রুপ ২ দশমিক ৬৫৫ কোয়াড্রিলিয়ন ওনের দেশীয় বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে। এসব অর্থের উল্লেখযোগ্য অংশ নতুন প্রজন্মের সেমিকন্ডাক্টর উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে ব্যয় করা হবে।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে।

