ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাম্প্রতিক সময়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক পরিবার আবারও ব্যবহার করছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুপি বাতি। এক সময় প্রায় হারিয়ে যাওয়া এই কুপি বাতি এখন অনেক গ্রামের সন্ধ্যার পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, মোবাইল চার্জিংসহ দৈনন্দিন নানা কাজে বিঘ্ন ঘটছে। সন্ধ্যা নামলেই অনেক বাড়িতে কুপি বাতি জ্বালিয়ে রান্নাবান্না, পড়াশোনা ও অন্যান্য কাজ চালিয়ে যেতে হচ্ছে।
এ বিষয়ে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খানের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও বয়স্ক মানুষ বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তবে তীব্র লোডশেডিংয়ের এই সময়ে কুপি বাতির আলো যেন আবারও গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।

