মধ্যপ্রাচ্যে টানা সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে শান্তির আশা দেখা দিয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে।পাশাপাশি চলমান সংকট নিরসনে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে সামরিক অভিযান স্থগিত রেখে আলোচনার মাধ্যমে বিরোধ কমানোর চেষ্টা করা হবে। বৈঠকের মূল লক্ষ্য হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনা কমানো এবং সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা।
আলোচনায় ইরান হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দিতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও কিছু সীমাবদ্ধতা শিথিল করার বিষয় নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগ্রহী বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সংঘাতের কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। এখন কাতারে অনুষ্ঠিতব্য বৈঠকে শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং ভবিষ্যতে সংঘাত এড়ানোর উপায়ও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়।
তবে সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক করে বলেছে, সমঝোতাটি এখনও নাজুক অবস্থায় রয়েছে। আলোচনায় অগ্রগতি না হলে বা নতুন করে কোনো সামরিক উসকানি দেখা দিলে পরিস্থিতি আবারও অবনতি ঘটতে পারে। তাই কাতারের বৈঠকের দিকে এখন আন্তর্জাতিক মহলের বিশেষ নজর রয়েছে।

