সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে। অপর নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান,সড়ক দুর্ঘটনায় আহত তিন যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান,হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সৌরভ ও নাঈম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান,নিহতদের স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

