মো আলম, বান্দরবান প্রতিনিধি:
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম চলছে।
সোমবার থেকে জেলার সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মীরা শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়াচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে সহায়তা করে। বছরে দুইবার এই ক্যাম্পেইন পরিচালিত হয়।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “এবারের ক্যাম্পেইনে জেলার প্রায় ৫০ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে এসে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানানো হচ্ছে।”
স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। থানচির এক অভিভাবক বলেন, “দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল দিচ্ছেন। এটা আমাদের জন্য খুবই উপকার।” ক্যাম্পেইন আগামী কয়েকদিন চলবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

