ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য ২৭ জুন শুধু নিজের জন্মদিন নয়, এটি তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন ও আনন্দের দিনও। কারণ, এই একই দিনে পৃথিবীতে এসেছিল তাঁর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। তাই প্রতি বছর ২৭ জুন এলে একসঙ্গে বাবা-ছেলের জন্মদিন উদযাপনের ডাবল আনন্দে ভরে ওঠে অপূর্বর পরিবার।
১৯৮৫ সালের ২৭ জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন অপূর্ব। আজ শনিবার (২৭ জুন ২০২৬) তিনি ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। অন্যদিকে, একই তারিখে জন্ম নেওয়া ছেলে জায়ানও উদযাপন করছে নিজের বিশেষ দিন। বিশেষ এই দ্বৈত উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলেকে ভালোবাসায় সিক্ত করছেন সহকর্মী, নির্মাতা ও অসংখ্য ভক্ত-অনুরাগী।
একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াকে নিজের জীবনের অন্যতম বড় আশীর্বাদ মনে করেন অপূর্ব। এক সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেতা বলেছিলেন, “বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় আমি অনেক বেশি খুশি। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবানী মনে করি।”
ছেলের প্রতি অপূর্বর নিখাদ ভালোবাসার প্রকাশও বারবার দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক বাবা দিবসে জায়ানকে উদ্দেশ করে তিনি আবেগঘন কন্ঠে লিখেছিলেন, ‘আমি তোমাকে যখনই দেখি তখনই চিন্তা করি, তুমি কীভাবে হুবহু আমার মতো দেখতে হলে? আল্লাহ আমাকে কী স্বর্গীয় উপহার দিয়েছেন!’ বাবার সেই আবেগঘন পুরোনো কথাগুলো আজকের এই বিশেষ দিনটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

অপূর্বর ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন থাকলেও ছেলে জায়ানের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক সবসময়ই ছিল গভীর। ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে সেই সংসার ভেঙে গেলেও তাঁদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ বাবার জীবনের সবচেয়ে বড় আনন্দের অংশ হয়ে আছে। এমনকি বাবার সঙ্গে নাটকেও অভিনয় করেছে ছোট্ট জায়ান।
পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের (২০২৫) ১২ ডিসেম্বর তাঁদের ঘর আলো করে আসে এক কন্যাসন্তান—আনায়া। বর্তমানে ছেলে ও কন্যাসন্তানকে নিয়ে নতুন সংসারে বেশ সুখের সময় কাটাচ্ছেন এই অভিনেতা।
জিয়াউল ফারুক অপূর্বর অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে। এরপর মডেলিং, বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে নিজের সহজাত অভিনয়গুণে দ্রুত তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেন।
২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তাঁর আনুষ্ঠানিক অভিনয় যাত্রা শুরু হয়। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিলেও ২০১৭ সালের ঈদে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের চরিত্রে তাঁর অসাধারণ ও জীবন্ত অভিনয় তাঁকে দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেতার শীর্ষ আসনে প্রতিষ্ঠিত করে।

