আহমেদ মুনহা,চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও পদার্থবিদ্যা সমিতির যৌথ উদ্যোগে নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৫ জুন) বিজ্ঞান অনুষদের লেকচার গ্যালারি ১ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পদার্থবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, পদার্থবিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ এবং বিজ্ঞানের একটি মৌলিক বিষয়। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গবেষণায় এ বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ জ্ঞান ও আধুনিক গবেষণার মাধ্যমে বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্র নয়; এটি বহুমাত্রিক জ্ঞান অর্জনেরও সুযোগ সৃষ্টি করে। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘প্রফেসর হামিদা বানু মেমোরিয়াল ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া, অধ্যাপক রেজাউল আজিম এবং সহকারী অধ্যাপক মো. মহসীনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস. এম. খোরশেদ আলম। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

