চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাহদী আমিনের মতে, এসব সমঝোতা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করবে।
সফরের অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, শীর্ষ পর্যায়ের এ বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে। একই সঙ্গে আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি, যা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

