সত্যজিৎ দাস (মৌলভীবাজার):মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় জব্দ করা অবৈধভাবে উত্তোলিত বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত এ নিলামে সর্বোচ্চ দরদাতা ৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকায় বালুগুলো ক্রয় করেন।জানা গেছে,অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করার পর সরকারি বিধি অনুযায়ী প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়। নিলামে মোট ১৬ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে বালু বিক্রি করা হয়।নিলামের শর্ত অনুযায়ী ক্রয়কৃত বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করা যাবে। এছাড়া পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন,“অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জব্দকৃত বালু স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করা হয়েছে।”তিনি আরও বলেন,“বালু পরিবহনের ক্ষেত্রে নিলামের শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

