সত্যজিৎ দাস (মৌলভীবাজার):আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) জেলা ইপিআই ভবন,সিভিল সার্জনের কার্যালয়ে “District Level Advocacy & Planning Meeting on National Vitamin A+ Campaign-2026” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নির্দিষ্ট সংখ্যক গণমাধ্যমকর্মী এবং সুধীজন অংশগ্রহণ করেন।সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। তিনি বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিতকরণ এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবক,জনপ্রতিনিধি, শিক্ষক,গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”তিনি আরও বলেন,“ক্যাম্পেইনের সাফল্য নির্ভর করছে জনসচেতনতা ও অংশগ্রহণের ওপর। কোনো শিশুই যেন এ কর্মসূচির আওতার বাইরে না থাকে,সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।”অনুষ্ঠানের মুক্ত আলোচনায় উপস্থিত অংশগ্রহণকারীরা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।পরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলার নির্দিষ্ট গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। এ সময় তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য,কার্যক্রম,উপকারিতা এবং সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য,আগামী ২৮ জুন সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

