আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল বা নিষিদ্ধ উপকরণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে যে কেন্দ্রে এমন ঘটনা ঘটবে, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানও দায় এড়াতে পারবেন না।
বুধবার (২৪ জুন) এইচএসসি পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা এ ধরনের কোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরীক্ষার ফল মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ব্যবস্থা রাখা হবে। মূল্যায়নের ক্ষেত্রে কোনো পরীক্ষকের গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা ক্যালেন্ডার সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন, ২০২৭ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান পরীক্ষা-সংক্রান্ত আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে।

