জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি অভিযোগ করেন, “পলাতক ফ্যাসিস্ট বাহিনী” সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে জুলাই আন্দোলনকে মুছে ফেলার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের ওপর হুমকি, নির্যাতনসহ স্মৃতিস্তম্ভ ভাঙচুরের মতো ঘটনা ঘটছে।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোকেয়া বেগম বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট নির্দেশনার দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে।
তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বাজেটে আলাদা বরাদ্দ রাখা প্রয়োজন।
এদিকে তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি আইনই একটি রাজনৈতিক দলিল এবং সরকারের দৃষ্টিতে এসব আইন জনগণের নীতি-নির্ধারণের অংশ। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ইতোমধ্যে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক সুরক্ষারই অংশ হিসেবে বিবেচিত হতে পারে।”
মন্ত্রী আরও জানান, নির্দিষ্ট কোনো প্রস্তাব বা ব্যাখ্যা পাওয়া গেলে তা আইনি কাঠামোর মধ্যে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

