চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের পরপরই কলেজ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু করা হবে, যাতে সময় নষ্ট না হয় এবং শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী ধাপে যেতে পারে।
তিনি আরও বলেন, ভর্তি প্রক্রিয়ায় দেরি হলে অনেক শিক্ষার্থী কোচিং সেন্টারের দিকে ঝুঁকে পড়ে, তাই দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ২১ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ থেকে ১৪ জুন পর্যন্ত।
এবার পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

