আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতের মতো প্রশ্নফাঁস এখনো শিক্ষা খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা প্রতিরোধ এবং পরীক্ষার পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, বিভিন্ন বোর্ডের খাতা র্যান্ডমভাবে পুনঃপরীক্ষা করা হবে, যাতে নম্বর প্রদানে কোনো ধরনের অনিয়ম না থাকে তা নিশ্চিত করা যায়।
শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রশ্নফাঁস প্রতিরোধে তিনি নিজে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন।
তিনি বলেন, ‘নকল’ শব্দটি অনেক আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বর্তমানে ডিজিটাল মাধ্যমেও কিছু অনিয়ম দেখা দিচ্ছে, যা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
এছাড়া উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশে অযথা অনার্স কোর্সের সংখ্যা বাড়ছে, যা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

