মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো—গোপালপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে ছামিয়া (৬) এবং মৃত সজল চৌধুরীর ছেলে সোহরাব চৌধুরী (৯)।
স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার ২১ জুন বিকেল আনুমানিক তিনটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তারা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের বাড়িতে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। একই গ্রামের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

