মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যরা হত্যার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বড় ভাইয়ের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর তিনি বাড়িতে ফিরবেন বলে জানিয়েছিলেন। পরে নওগাঁ শহরে ফেরার উদ্দেশ্যে আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের ধারণা, পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এটি হত্যা কি না, সে বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

