ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং এতে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য রয়েছে।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নারীরা স্বাবলম্বী না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে। যারা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জনগণের অর্থের অপব্যবহার ও পাচার রোধ করা গেলে উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থের কোনো সংকট থাকবে না।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, কিছু গোষ্ঠী এটিকে ‘গণবিরোধী’ আখ্যা দিচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
চা-শ্রমিকদের সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন কর্মসূচির আওতায় শ্রমিক পরিবারগুলোর আবাসন ও শিক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া কৃষক কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরে প্রায় ৪০ লাখ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।

