স্বাস্থ্যখাতে অতীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে সেবার মান ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে স্বাস্থ্যসেবা পুনর্গঠনের চেষ্টা করছে।
বুধবার (১৭ জুন) সকালে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ, রান্নাঘরসহ একাধিক স্থান ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন। তিনি রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও পর্যবেক্ষণ করেন।
হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্ন পরিবেশ ও বাথরুমের অস্বাস্থ্যকর অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। সেই অবস্থা থেকে বের হয়ে এসে এখন সরকার সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও জানান, নতুন হাসপাতাল স্থাপন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করা হবে।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তিনি বলেন, যেসব জেলায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে পুরোপুরি চালু ও যন্ত্রপাতি সচল করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই বর্তমান সরকার কাজ করছে এবং স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

