স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু)।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে নবনিযুক্ত সভাপতি কাজী বদরুত জামান (বদু) বলেন, “চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। সকলের সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহলুল মাতুব্বর, চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
উল্লেখ্য, চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

