আহমেদ মুনহা চবি প্রতিনিধিঃ
জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও উপস্থাপনা ও জাতীয় বাজেটকে সাধারণ মানুষের কাছে সহজ ও বোধগম্যভাবে তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬: তারুণ্যের চোখে অর্থনীতি’।বুধবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক ও উৎসবের আহ্বায়ক মো. মুফিদুর রহমান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
জাতীয় বাজেটের জটিল অর্থনৈতিক বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করাই এ উৎসবের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা বইয়ের পাতার তাত্ত্বিক অর্থনীতিকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে জাতীয় বাজেট ২০২৬-২৭-এর বিভিন্ন দিক বিশ্লেষণ ও উপস্থাপন করবেন।
আয়োজকেরা জানান, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ১২তম ব্যাচের প্রায় ১০০ শিক্ষার্থী ১০টি দলে বিভক্ত হয়ে উৎসবে অংশ নেবেন। প্রতিটি দলে গবেষক, ক্রিয়েটিভ ডিরেক্টর, ভিডিও নির্মাতা, প্রেজেন্টার এবং জনসংযোগ (পিআর) সদস্য থাকবেন।দলগুলো মূল্যস্ফীতি, করব্যবস্থা, অবকাঠামো, ব্যাংকিং খাত, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, কৃষি, কর্মসংস্থান এবং সবুজ অর্থনীতিসহ ১০টি ভিন্ন বিষয়ে কাজ করবে। নিজেদের বুথে পোস্টার, ইনফোগ্রাফিক ও ভিডিওর মাধ্যমে তারা বাজেটের বিভিন্ন দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরবে।
এ ছাড়া দর্শনার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কুইজের আয়োজন থাকবে। সঠিক উত্তরদাতাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর। চিফ মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীক।