ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি-এর সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এ বৈঠক হয়। এতে ইরান দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধি অংশ নেন।
গণঅধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন দলের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ-সভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান এবং পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।
বৈঠকের শুরুতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রতি সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা উদ্যোগকে স্বাগত জানানো হয়।
আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় হয়।
উভয়পক্ষই বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

