সরকার আগামী জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি কর্মচারীদের বিদ্যমান ‘বিশেষ সুবিধা’ ব্যবস্থা বাতিল করা হতে পারে। বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেতন প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে করে পৃথকভাবে দেওয়া বিশেষ সুবিধা আর কার্যকর না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে জাতীয় বাজেট উপস্থাপন-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল সমন্বয় না হওয়ায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকার এ বিষয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

