সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জালাল মিয়া (৫৫) নামে এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়,মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৪ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) উত্তম কুমার বিশ্বাস।
উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক জালাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে,তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

