এ এম ফাহাদ, খাগড়াছড়ি :
শনিবার ১৩ জুন রাতে শান্তি পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম অংলাপ্রু মারমা (২৬)। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মংসাপ্রু মারমা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অংলাপ্রু মারমাকে মদ্যপ অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে জানা যায়, নিকটস্থ একটি মন্দিরের দানবাক্স ভেঙে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও তথ্য সংগ্রহ চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার প্রকৃত সত্যতা যাচাইপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

