শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে মাদক বিক্রি ও প্রতারণার অভিযোগ তুলে এক নারীকে গণপিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকার শাবনুর মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুলতানা আক্তার মলি নামের ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে পরকীয়ার ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, শনিবার সকালে ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয়।
খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
তবে সুলতানা আক্তার মলি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে দেখি মাদক বিক্রির অভিযোগে এক নারীকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

