প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে রেকর্ড আকারের বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত পূরণের বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার (১২ জুন) পাকিস্তানের জাতীয় পার্লামেন্টে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ১৮ দশমিক ৭৭ ট্রিলিয়ন রুপির নতুন বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে প্রায় ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি।
বাজেট অনুযায়ী, আইএমএফের পূর্ববর্তী ঋণ ও সুদ পরিশোধেই সরকারের ব্যয় হবে ৮ ট্রিলিয়নের বেশি রুপি, যা মোট বাজেটের একটি বড় অংশ দখল করবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সামরিক খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও অভ্যন্তরীণ উন্নয়ন খাতে বরাদ্দ কমানো হয়েছে। একই সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও অত্যন্ত উচ্চাভিলাষী হিসেবে ধরা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাজেট পাকিস্তানের অর্থনৈতিক চাপ, ঋণ নির্ভরতা এবং নিরাপত্তা অগ্রাধিকারকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।

