আবুল হাসনাত শামীম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)।
পুলিশ স্থানীয়দের বরাতে জানান, দুপুর ১২ টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে কারিমা ও ইসরাত নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পায়নি।পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে কারিমার মরদেহ ও পরে বিকেল ৪টা ১০ মিনিটে ইসরাতের মরদেহও উদ্ধার করে।’

