ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামের এক শিবির কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েজে। মৃত রশিদ ইসলামী ছাত্র শিবিরের সোনাহাট উপশাখার কর্মী ও সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে আম পাড়তে যান আব্দুর রশিদ। এ সময় বাঁশ দিয়ে গাছে আঘাত করার একপর্যায়ে বাঁশটি ছিটকে পাশের পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম জানান, মৃত আব্দুর রশিদ অত্যন্ত মেধাবী একজন ছাত্র ও সংগঠনের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

