মোঃ বাবুল, সিনিয়র ক্রাইম রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনার মূলহোতা আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ ও প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়া ওরফে অলেকের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২ ও ৩ জুন টিয়ারা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে টানা দুই দিন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে হোসেন আহমেদ পক্ষের সমর্থক ইকবাল মিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন বৃহস্পতিবার তিনি মারা যান। নিহত ইকবাল মিয়া হোসেন আহমেদের চাচাতো ভাই বলে জানা গেছে।
এদিকে ইকবাল মিয়ার মৃত্যুর পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছে।

