মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা ২নং সদর ইউনিয় এর ১ নং ওর্য়াড থানাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। রোজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬ ইং রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে থানাপাড়া এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ঘরবাড়ি ও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে রুমা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে

