ভারতের গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে, তবে তা মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় নিরাপত্তা ও বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নকে উপেক্ষা করে হওয়া উচিত নয়। তার মতে, মুক্তিযুদ্ধের চেতনা দুর্বল করা এবং পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্বাসনের প্রচেষ্টা উদ্বেগজনক।
সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, পাকিস্তান এখনো ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি বা যুদ্ধাপরাধের দায় স্বীকার করেনি। এমন পরিস্থিতিতে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ানোর যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
বর্তমান সরকার ও তারেক রহমান–এর নেতৃত্বাধীন বিএনপি সম্পর্কে তিনি বলেন, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি দাবি করেন, দেশে সংখ্যালঘু ও বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করবে। তবে তার রাজনৈতিক অবস্থান বাংলাদেশের জনগণের সমর্থনের ওপর নির্ভরশীল, অন্য কোনো দেশের ওপর নয়।
তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের স্থায়ী ভিত্তি হওয়া উচিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

