নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী-পুরুষের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার দাউদপুরে সিসিডিবি কার্যালয়ের হলরুমে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার ফয়েজ ইমতিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। নারী-পুরুষ উভয়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা, দল পরিচালনা, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, জেন্ডার সমতা ও জেন্ডার ন্যায্যতা, নারী-পুরুষের সমঅধিকার, পিতৃতন্ত্রের প্রভাব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৫ জন অংশগ্রহণকারী অংশ নেন। এর মধ্যে ১৪ জন নারী এবং ১১ জন পুরুষ ছিলেন। এসময় প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

