দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক নিয়োগ ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। এ কারণে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত জাতীয় নির্দেশিকা অনুসরণ করা জরুরি। রোগীদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক না দেওয়া এবং প্লাজমা লিকেজের লক্ষণ দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো এলাকায় ডেঙ্গু রোগীর চাপ বেড়ে গেলে দ্রুত সেখানে অতিরিক্ত চিকিৎসক পাঠানো হবে। প্রয়োজনে চিকিৎসকদের পুনর্বিন্যাস করেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাতকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তিনি জানান, প্রতিটি নাগরিককে ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় আনতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন উপজেলায় হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক সংকট নিরসনে নতুন নিয়োগ এবং তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

