সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ফিল্মি স্টাইলে কুপিয়ে এক গরু ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
সোমবার (৮ জুন) সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানায় দেয়া মামলাসূত্রে জানা যায়, জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রোববার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করেন। বিকেলে আরও দুই ব্যবসায়ীসহ তিনি সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে ব্যবসায়ীদের গাড়ি পৌছালে ওৎ পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাথারী কুপিয়ে জখম করে।
এসময় তার নিকটে থাকা ও্ই তিন ব্যবসায়ীর মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত রাজ্জাকের সাথে থাকা অন্য গরু ব্যবাসীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। রাতেই ওই ব্যবসায়ীর সাথে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থলের এক ব্যবসায়ী জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে সিএনজির তিন লোককে মারধর করা শুরু করে। তারা কিলঘুষি ও পরে কোপ দেয়। ভয়ে দোকান ঘরের আড়ালে যাই। কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারি চলে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কে আছি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেয়া হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলামান রয়েছে।

